কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানের সঙ্গে রানওয়েতে ঘুরে বেড়ানো গুরুর ধাক্কা লেগে মারা যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে চার আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া, বিমানবন্দরে কেন ও কীভাবে গরু প্রবেশ করল ও রানওয়েতে চড়ে বেড়ানোর পাশাপাশি উড্ডয়নরত বিমানের কাছেই বা গেল কীভাবে- এসব জানতে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
মারা যাওয়া ওই গরু দুটির মালিককেও খোঁজা হচ্ছে। তবে কেউ এখনো গরুগুলোর মালিকানার দাবি নিয়ে আসেনি।
বুধবার কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মুর্তুজা এসব জানান। মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার রানওয়ে থেকে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ডানপাশের পাখার সঙ্গে দুটি গরুর ধাক্কা লাগে। এত গরু দুটি মারা যায়। তবে বিমানটি নিরাপদেই যাত্রীদের নিয়ে ঢাকায় আসে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক বলেন, “ওই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা চার আনসার সদস্যকে বিমানবন্দর থেকে প্রত্যাহার করা হয়েছে। আর একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।”
গরু দুটির মালিককে বুধবার বিকেল অবধি খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি।
এ ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পদক্ষেপ জানতে চাইলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান বলেন, ‘বলার মতো কোনো তথ্য’ এখনো তার হাতে নেই।
গরুর সঙ্গে ধাক্কা লেগে বিমানের বোয়িং উড়োজাহাজটির কোনো ক্ষতি হয়েছে কি না- জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল বলেন, এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ সম্পন্ন হয়নি।
