সেই মেয়র আব্বাসের দুটি ‘অবৈধ মার্কেট’ ভেঙে দিল প্রশাসন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০৫:২৪ পিএম

সরকারি খাল দখল করে রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর নির্মাণ করা দুটি অবৈধ মার্কেট ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার সকাল ৯টার দিকে বুলডোজার দিয়ে ভবন ভাঙা শুরু করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন। তিনি বলেন, মেয়র আব্বাসকে এটি উচ্ছেদের নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এর পর এটি আইন অনুযায়ী ভাঙা হচ্ছে।

পবা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে বছর খানেক আগে কাটাখালী পৌরসভার ওপর দিয়ে যাওয়া খালটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পুনঃখনন করে। সেখানে ড্রেনও নির্মাণ করা হয়। গত এপ্রিল মাসে কাটাখালীর মেয়র আব্বাস আলী সরকারি এই ড্রেনের ওপর ভবন নির্মাণ শুরু করেন। জুলাই মাসে একতলার ছাদ ঢালাই সম্পন্ন করা হয়।

ঢাকা-রাজশাহী মহাসড়কে সরকারি খালের ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে খালের ওপর প্রায় ১ হাজার ১৪৪ বর্গফুট জায়গাজুড়ে একটি তিনতলা ভবন নির্মাণ শুরু হয়। এখানে ইতিমধ্যে দুইতলা ভবন উঠে গেছে। এই ভবন তিনতলা হবে। ভবনের দোকান হবে ২১টি। অন্যদিকে ব্রিজের উত্তর পাশে খালের ওপর আরেকটি ভবনের দুইতলা উঠে গেছে। এই ভবনে দোকান হবে মোট ছয়টি।

সরকারি খালের ওপর ভবন নির্মাণের অভিযোগ জমা হয় উপজেলা প্রশাসনের কাছে। এই অভিযোগের প্রেক্ষিতে গত আগস্ট মাসে পবা উপজেলা প্রশাসন পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। এরপর কয়েক দিন কাজ বন্ধ থাকলেও পরে আবার জোরেশোরে নির্মাণকাজ শুরু হয়।

পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন জানান, সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য এই অভিযান চালানো হচ্ছে। নালিশী খাল হতে ইতিপূর্বে অবৈধ দখলদার উচ্ছেদ করে বিএমডিএ পবা জোন কর্তৃক আরসিসি ড্রেন নির্মাণ করা হয়েছে। ড্রেনের ওপর নির্মাণাধীন ভবনটি উচ্ছেদের জন্য গত ২৫ আগস্ট নোটিশ প্রদান করা হয়। নোটিশের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ না করায় আজকে সরকারি জায়গা দখল মুক্ত করা হলো।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মেয়র আব্বাস আলী এখন কারাগারে। এ ছাড়া তিনি একই অভিযোগে পৌর আওয়ামী লীগ থেকে অব্যাহতি পেয়েছেন। তাকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা আওয়ামী ইতিমধ্যে কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত