বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএলআরআই মহাপরিচালকের শ্রদ্ধা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০৬:৩৭ পিএম

ঢাকার ধানমন্ডিতে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) নবনিযুক্ত মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন।

শনিবার সকালে ইনস্টিটিউটের অন্যান্য বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পরে জাতির পিতা এবং তার পরিবারের শহীদ সকল সদস্যের স্মৃতির উদ্দেশ্যে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

এ সময় মহাপরিচালকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএলআরআই’র অতিরিক্ত পরিচালক জনাব মো. আজহারুল আমিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাসরিন সুলতানা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা, প্রকল্প পরিচালকরা, শাখা প্রধানেরাসহ ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে মহাপরিচালক মহোদয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্মারক পরিদর্শন করেন। এ সময় জাদুঘরে সংরক্ষিত পরিদর্শন বইতেও তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে নিজের অনুভূতি ব্যক্ত করেন এবং তাতে সাক্ষর করেন।

বিএলআরআই’র মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির মহানায়ক। আজ আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি, যার কৃতিত্ব অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি না থাকলে আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বে পরিচিতি পেতাম না। বঙ্গবন্ধু বাঙালি জাতির গর্ব, বাঙালির অহংকার। বিজয়ের মাসে দাঁড়িয়ে তাই আমি কৃতজ্ঞচিত্তে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মরণ করছি।

বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বাড়াতে হবে এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত