বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিজয়-মোসলেম স্মরণোৎসব পালিত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ০৯:১৮ পিএম

চারণকবি, কবিয়াল বিজয় সরকারের ৩৬ তম প্রয়াণ দিবস ও জারি সম্রাট মোসলেম উদ্দিনের ৩১ তম প্রয়ান দিবস উপলক্ষে বিজয়-মোসলেম স্মরণোৎসব, ২০২১ পালিত হয়েছে।

শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্যকেন্দ্রের ইসফেনদিয়া জাহেদ হাসান মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ বাউল ও বাউল শিল্পী সংস্থা এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এই উৎসবের আয়োজন করে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি ও সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা, বাংলা একাডেমীর উপপরিচালক ড. তপন বাগচী।

অনুষ্ঠানে আলোচনা করেন বিশিষ্ট সমাজ সেবক শৈলেন্দ্র নাথ সাহা এবং কবি, গীতিকার ও গবেষক মহসিন হোসাইন। বক্তারা জানান, কবিগান বাংলার একটি প্রধান লৌকিক ধর্ম-সম্প্রদায় ও দর্শন আশ্রয়ী সাধন সংগীত, বাউল দর্শনেরই একটি শাখা এবং বাংলা সংগীতের একটি অসামান্য ঐতিহ্য ও সাহিত্য ভান্ডার।

অনুষ্ঠানে চারণকবি বিজয় সরকারের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাহিদুল কবির, জারি সম্রাট মোসলেম উদ্দিনের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সভাপতি ড. রওশন আলম।

এছাড়া বিজয়-মোসলেম স্মরণোৎসবে সংগীত পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, নাদিরা ইসলাম, রুবেল সাইদুল আলম, সমীর বাউল, পাগলা বাবলু, ফারহানা রহমান কান্তা, অরূপ বিশ্বাস, পুলক কুমার ঘোষ। এই উৎসবে অংশগ্রহণ করে সংগীত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও অভিযাত্রিক সাংস্কৃতিক একাডেমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরদার হীরক রাজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত