এসএসসি ২০২২ সালের পরীক্ষার সিলেবাস কমানোর দাবিতে নেত্রকোনার দুর্গাপুর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকাল ও দুপুরে এ বিক্ষোভ হয়।
পরীক্ষার সিলেবাস ৭০ ভাগ থেকে কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের প্রেস ক্লাব মোড়ে গতকাল দুপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
এ সময় শিক্ষার্থীরা বলে, ‘আমরা করোনাভাইরাসের কারণে তেমন পড়াশোনা করার সুযোগ পাইনি। শিক্ষা মন্ত্রণালয় আমাদের সিলেবাস মাত্র ৩০ শতাংশ কমিয়ে ৭০ ভাগ করেছে। যা এত সীমিত সময়ে পড়াশোনা করে শেষ করা আমাদের পক্ষে অসম্ভব। অতিশীঘ্রই আমাদের সিলেবাস ৭০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার দাবি জানাই। দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আমরা আরও কঠোর কর্মসূচি দেব।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব বলে আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।’
এদিকে সিলেবাস কমানোর দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা শিক্ষা অফিসের সামনে গতকাল সকালে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীরা এতে অংশ নেয়। এ সময় তারা জানায়, করোনার কারণে পড়ালেখার খুব একটা সুযোগ পায়নি। ৭০ শতাংশ সিলেবাস এ সময়ে শেষ করা সম্ভব নয়। তাই সিলেবাস আরও কিছুটা কমিয়ে আনার দাবি জানায় তারা।
