দেশে সব মহানগরেই বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৫:৫৩ এএম

চট্টগ্রামসহ দেশের অন্য মহানগরে যেখানে সিটি বাস সার্ভিস চালু আছে সেখানেও শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সে ক্ষেত্রে ঢাকার মতোই শর্ত প্রযোজ্য হবে। আগামী ১১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে মালিক সমিতি জানিয়েছে।

গতকাল রবিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার পর শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এনায়েত উল্যাহ বলেন, দূরপাল্লার যানবাহনে শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার সুবিধা পাবেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি কফিল উদ্দিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ এলিট, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী প্রমুখ।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩০ নভেম্বর ঢাকায় অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত আসে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন ছবিসহ পরিচয়পত্র দেখিয়ে। এ ছাড়া সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষাপ্রতিষ্ঠানে মৌসুমি বন্ধের সময় অর্ধেক ভাড়া কার্যকর হবে না।

ডিজেলের দাম বাড়ানোর পর সরকার বাসের ভাড়াও বাড়ায়। এর পর থেকেই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার দাবিতে রাস্তায় নামে। আন্দোলনের মধ্যে ময়লার ট্রাকের ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার পর আন্দোলন নতুন মাত্রা পায়। এর মধ্যে রামপুরায় আরেক শিক্ষার্থী বাসচাপায় নিহত হন। সে ঘটনায় ১২টি বাসে আগুন দেয় ক্ষুব্ধ জনতা।

শ্রমিকদের জন্য অর্ধেক ভাড়া দাবি : ছাত্র ও শ্রমিকদের জন্য বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক ভাড়া কার্যকরের দাবি জানিয়ে গাজীপুরে সচেতন ছাত্র-শ্রমিক-অভিভাবক ঐক্যের ব্যানারে মানববন্ধন হয়েছে। গতকাল গাজীপুর চান্দনা চৌরাস্তায় এই কর্মসূচি থেকে তারা ৯ দফা দাবি জানান।

তাদের দাবির মধ্যে আরও রয়েছে আগামী এক মাসের মধ্যে পরিবহন শ্রমিকদের দিনে ৮ ঘণ্টা (টানা ৪ ঘণ্টার বেশি নয়) কাজ এবং মাসিক সর্বনিম্ন ১৮ হাজার টাকা মজুরি নির্ধারণ।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক আশরাফুল আলম, ‘কৃষক শ্রমিক ছাত্র জনতা ঐক্য’র সংগঠক আরমান হোসাইন, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আয়বুর রহমান তৌফিক, গাজীপুর সিটি কলেজের শিক্ষার্থী আকাশ দাশ, মাহফুজ আহমেদ, পোশাক শ্রমিক নাইম হাসান, ইমন হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত