তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগের খবরে মাহি বললেন আলহামদুলিল্লাহ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৯:৫৮ পিএম

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগ করতে বলার খবরে স্বস্তি জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বলেছেন আলহামদুলিল্লাহ।

সোমবার রাতে সৌদি আরব থেকে এক ফেসবুক লাইভে এসে বক্তব্য রাখেন মাহি। 

এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের নির্দেশ দেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাতে তার বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

রবিবার রাত থেকে একটি টেলিফোন আলাপের অডিও টেপ ভাইরাল হয়। যেখানে তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানকে অশ্রাব্য ভাষায় কথা বলতে শোনা যায়। চিত্রনায়ক ইমন এ ফোনালাপের সত্যতা নিশ্চিত করেন।

সেই ফোনালাপে অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দেখা করার জন্য বলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

ইমন বলেন, ‘আমি খুবই হতাশ হচ্ছি যারা আমাকে চেনেন ও জানেন তারাও আজেবাজে মন্তব্য করছেন। এত বড় একজন মন্ত্রী যখন আমাকে কল দেন আমি তো তাকে ইগনোর করতে পারি না। সবাই তো অডিও ক্লিপটি শুনেছেন। সেখানে মানুষের গলার স্বর শুনলেও তো বোঝা যায় কে কোন অনুভূতি নিয়ে কথা বলছেন।’

সম্প্রতি ওমরাহ করতে স্বামীসহ সৌদি আরব যান মাহি।

সেখান থেকে ফোনালাপ বিষয়ে মাহিয়া মাহি লাইভে এসে বলেন, আমি সেদিনও বেশি বিব্রত ছিলাম, নিজের আত্ম সম্মানবোধে কতটুকু আসলে আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানে। এবং আজকে আমি নিজের কাছে বিব্রত। আজকে আমি নিজের কাছে নিজে তো ছোট হয়েইছি, দেশবাসীর কাছে আরো একবার ছোট হলাম কিন্তু আপনারা নিজের থেকে এবার চিন্তা করে দেখবেন যে, এই ভাষার প্রতিউত্তর অথবা এ ব্যবহারের প্রতিউত্তর আমার আসলে কী দেওয়া উচিত ছিল? কিছু বলার ভাষা আসলে সেদিন আমার ছিল না। আমি সে জন্য কোনো প্রতিবাদ করিনি, আমার যেভাবে মনে হয়েছে চুপ থেকেছি পাশ কাটিয়ে গিয়েছি। 

এটা ঠিক দুই বছর আগের একটা ঘটনা ছিল। আমি বরাবরের মতো সবসময়ই আল্লাহর কাছে বলি যে, আল্লাহ আমি খুব কষ্ট পেয়েছি। যার মাধ্যমে কষ্ট পেয়েছি সে রেজাল্টটা তিনি পেয়েছেন, আলহামদুলিল্লাহ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত