তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ছাত্রদল করতেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক অনুষ্ঠানে দাবি করেছেন। তার এ দাবির পর প্রকাশ্য অনুষ্ঠানে তর্কে জড়ালেন যুবদলের এক নেতা। ফখরুলের এ মন্তব্যের রাজনৈতিক সমালোচনাও চলছে ফেসবুকে।
তবে খোঁজ করে জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এমন তথ্য দিয়েছেন তৎকালীন ময়মনসিংহ জেরা ছাত্রদলের নেতৃবৃন্দ।
নাম প্রকাশে অনিচ্ছুক তৎকালীন মেডিকেলের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত একাধিক নেতা জানিয়েছেন, মুরাদ হাসান বিএনপির শাসনামলে (১৯৯৪) মমেকে ভর্তি হন। মমেক শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের পদও বাগিয়েছিলেন। অনেকটা আয়েশি ভঙ্গিতেই বিএনপির শাসনামল অতিবাহিত করেন মুরাদ। পরবর্তীতে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।
ময়মনসিংহ মেডিকেল ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন তথ্য প্রতিমন্ত্রী এমন তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ জেলা বিএনপির নেতা ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মোতাহার হোসেন তালুকদার।
তিনি বলেন, ডা. মুরাদ হাসান জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ১৯৯৬-৯৮ কমিটির প্রচার সম্পাদক হিসেবে চার থেকে পাঁচ মাস দায়িত্ব পালন করেন। তখন জাতীয়তাবাদী ছাত্রদলের ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সভাপতি ছিলেন সৈয়দ মেহবুব উল কাদির ও সাধারণ সম্পাদক ছিলেন ইসহাক। পরবর্তীতে ডা. মুরাদ হাসান ১৯৯৬ এর ডিসেম্বর মাসে ছাত্রদল থেকে পদত্যাগ করে ছাত্রলীগে যোগদান করেন। পরবর্তীতে ২০০০ সালে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
