জনপ্রিয় সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। এর মধ্যে চারটি আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিয়েছেন। পেয়েছেন একাধিক পুরস্কার। আসছে নতুন গান। সমসাময়িক বিষয়ে এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ
ব্যস্ততা...
প্যান্ডামিকের পর সত্যিই এখন ব্যস্ত সময় যাচ্ছে। পুরোদমে কনসার্ট শুরু হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে প্রায় প্রতিদিনই শো থাকছে। টিভি লাইভ প্রোগ্রামেও অংশ নিচ্ছি। সম্প্রতি আমি আর তামান্না প্রমি গাইলাম এশিয়ান টিভির লেট নাইট শোতে। গত দুই দিন ইনডোর কনসার্ট করলাম গুলশান ক্লাবে। সেখানে আরও গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, তাহসান খানের মতো শিল্পীরা। দেশে প্রথমবারের মতো পাটের তৈরি গার্মেন্টস পণ্য নিয়ে এসেছেন চমন চৌধুরী। সেই শোতে আমি আর শুভ্র দেব দারুণ একটি পরিবেশে গান গেয়েছি। সামনে বেশ কিছু কনসার্ট আছে।
নতুন গান...
এরই মধ্যে ৪-৫টি নতুন গানের রেকর্ডিং করে ফেলেছি। প্রথম আসবে আমার একটি একক মৌলিক গান। প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মুস্তাফার কথায় গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ। ইংরেজি নতুন বছরে গানটির দারুণ একটি মিউজিক ভিডিও প্রকাশের ইচ্ছে আছে। এ ছাড়া ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তীর সঙ্গে একটি গান আসবে। একটি রবীন্দ্রসংগীত ও একটি নজরুলগীতিরও কাজ এগোচ্ছে।
আন্তর্জাতিক শো ও পুরস্কার...
আমি সৌভাগ্যবান যে অল্প কিছু দিনের মধ্যে চারটি আন্তর্জাতিক শো করে এসেছি। একটি নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ আয়োজিত প্রোগ্রাম। সেখানে নেপালের সংস্কৃতিমন্ত্রী ও বাংলাদেশ হাইকমিশনার উপস্থিত ছিলেন। আমাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হয়েছে। এর আগে ভারতের দিল্লি ও কলকাতার একাধিক শোতে অংশ নিয়েছি। কলকাতার বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ১৬ ডিসেম্বর বিরাট কনসার্ট হবে। সেখানে বাংলাদেশ থেকে রুনা লায়লা আর আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি যেতে পারছেন না, আমি যাব আশা করি। ভারত থেকে কবিতা কৃষ্ণমূর্তি, সনু নিগাম, পাপনের মতো জনপ্রিয় শিল্পীরা সেখানে গাইবেন।
বাধা...
শিল্পীদের চলার পথ সব সময় কণ্টকাকীর্ণ। আমাকেও এত দিন পর এসে নানা বাধার সম্মুখীন হতে হয়। নানা ধরনের পলিটিকসও আছে। কিন্তু আমি বিশ^াস করি, মেধা থাকলে দিনশেষে কেউ আটকে রাখতে পারে না।
বৃত্তের বাইরে...
রবীন্দ্রসংগীতের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাই একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে। তাই শুরু থেকেই রবীন্দ্রসংগীতই আমার চলার পথের পাথেয়, আমার প্রাণের সঞ্চার। কিন্তু ছোটবেলায় দুটি জাতীয় পুরস্কার পেয়েছি কিন্তু ফোক গানে। তাই নিজেকে কোনো বৃত্তের মধ্যে রাখতে চাইনি। এখন নানা ধরনের গান করছি, সেগুলো দর্শক পছন্দও করছেন। এমন নয় যে নিয়মিত কনসার্ট করার জন্য করছি। শিল্পীসত্তার বিকাশের জন্যই নিজের মৌলিক কিছু কাজ করা উচিত।
প্রেমের গুঞ্জন...
দেশে-বিদেশে সব জায়গায় দুজন শিল্পী জুটি হয়ে বেশি বেশি কাজ করলেই প্রেমের গুঞ্জন চালু হয়। আমার আর তামান্না প্রমির ক্ষেত্রেও তা-ই হয়েছে। কিন্তু আমরা আসলে খুব ভালো বন্ধু, ছেলেবেলা থেকে পরিচয়। প্রেম, বিয়ে কিছু হলে সবাইকে জানিয়েই করব।
