নাটোরে সানাউল্লাহ নূর হত্যা মামলার ১৪ আসামি জেলে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৬ এএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর হত্যা মামলার চার্জশিটভুক্ত ৪১জন আসামির মধ্যে ১৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে ওই আসামিরা জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের  জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন মো. শাহজালাল, ইদ্রিস মোল্লা, জাবির  সোনার, জিন্নাহ মোল্লা, জিল্লুর রহমান, মাসুদ রানা, প্রশান্ত কুমার, আবদুল আজিজ, আওয়াল, আজগর আলী সোনার, কোরবান মোল্লা, আবদুর রাজ্জাক কবিরাজ, ওয়াজেদ আলী সোনার এবং মনির হোসেন।

এর আগে সিআইডি সানাউল্লাহ নুর হত্যাকান্ডের সঙ্গে জড়িত বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেনসহ ৪১ জনের নাম উল্লেখ করে গত ২৪ জুন চার্জশিট দাখিল করে। এর মধ্যে  মেয়র জাকিরসহ অন্যরা উচ্চ আদালত থেকে জামিনে আছেন।

প্রসঙ্গত, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুরকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত