ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক ইউপি সদস্য পদপ্রার্থীকে ভোট না দেওয়ার অভিযোগ তুলে একটি পরিবারের বাড়ি ঘিরে কাঁটাতারের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ শান্তিগঞ্জের শিমুলবাক ইউনিয়নের কাঠালিয়া গ্রামে। গত ৪ দিন ধরে বাড়ির সামনে রাস্তাটি বন্ধ থাকায় পরিবারের লোকজন বাইরে বের হতে পারছেন না। এ ছাড়া তাদের গবাদিপশু বাইরে নিতে পারছেন না। এ পরিস্থিতিতে পরিবারটি ভোগান্তিতে পড়েছে।
এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে ভুক্তভোগী পরিবারের আবদুল হামিদের ছেলে তৌফিক মিয়া শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কাঠালিয়া গ্রামের কামাল হোসেন সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি পরাজিত হওয়ায় ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে ভোট না দেওয়ার অভিযোগ তোলেন। গত রবিবার সকাল ৯টার দিকে ওই ভুক্তভোগী পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটিতে কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এতে পরিবারটির কোনো সদস্যই বাড়ি থেকে বের হতে পারছেন না।
তৌফিক মিয়া বলেন, ‘আমি বাড়ি করার সময় আমাকে চলাচলে বাধা দেওয়া বা নিষেধ করা হয়নি। কয়েক বছর আগে আমাকে বাধা দিয়েছিল কামাল মিয়া। তখন গ্রামবাসীর মাধ্যমে ১০ হাজার টাকা দিয়ে সমাধান করেছি। কিন্তু এখন নির্বাচনে পরাজিত হওয়ায় আমরা নাকি তাকে ভোট দিইনি এজন্য এখন কাঁটাতারের বেড়া দিয়ে আমার বাড়ি চারপাশ থেকে অবরুদ্ধ করে রেখেছে।
শিমুলবাক ইউপির সদস্য মিজানুর রহমান বলেন, গ্রামবাসীকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। মানবিক বিবেচনায় রাস্তা থেকে কাঁটাতারের বেড়া তুলে নেওয়ার জন্য তাকে অনুরোধ করেছি। কিন্তু সে শোনেনি।
জানতে চাইলে কামাল হোসেন বলেন, এটি তার মালিকানাধীন জায়গা। এখানে ফসল চাষাবাদ করবেন, তাই বেড়া দিয়েছেন, এটি কারও চলাচলের সড়ক না।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্জামান বলেন, অভিযোগ পেয়ে ইতিমধ্যে থানা পুলিশকে অবগত করে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
