ওমিক্রনের বিরুদ্ধে টিকা কাজ করবে : ডব্লিউএইচও

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০১:৩৯ এএম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে কভিড-১৯ টিকাগুলোর কাজ করা উচিত বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন কর্মকর্তা। তিনি বলেছেন, ওমিক্রনে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ার হাত থেকে রক্ষা করতে বিদ্যমান করোনা টিকাগুলো এখনো কার্যকর হতে পারে।

গতকাল বুধবার বিবিসি জানিয়েছে, স্বাস্থ্য বিষয়ক বিশ্বের শীর্ষ এই সংস্থার পক্ষ থেকে এমন এক সময়ে এই মন্তব্য করা হলো যখন দক্ষিণ আফ্রিকার একটি গবেষণায় বলা হচ্ছে যে, করোনার এই নতুন ভ্যারিয়েন্টটি ফাইজারের টিকার সুরক্ষা আংশিকভাবে এড়িয়ে যেতে পারে।

ডব্লিউএইচও’র কর্মকর্তা ড. মাইক রায়ান বলছেন, করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন কভিড টিকার সুরক্ষা বা কার্যকারিতা নষ্ট করে বিপজ্জনক হয়ে উঠছে, এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক পরিচালক ড. রায়ান আরও জানান, ‘করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা প্রতিরোধে বা হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে বিদ্যমান করোনা ভ্যাকসিনগুলো খুবই কার্যকর। করোনার যেকোনো ধরনের বিরুদ্ধেই এসব টিকা কার্যকর। এবং ওমিক্রনের বিরুদ্ধে এসব টিকা কার্যকর হবে না, এমনটি মনে করার কোনো কারণ নেই।’ তিনি জানান, প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে যে, ডেল্টা বা করোনার অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রনে মানুষ বেশি অসুস্থ হচ্ছেন না। যদি কেউ অসুস্থ হয়েও থাকেন, তাহলেও তাদের সেই অসুস্থতার তীব্রতা কম।

করোনার এই ধরন মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতাকেও আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই কর্মকর্তার কথায় আশার আলো দেখা যেতেই পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত