মহিলা দলের কর্মসূচিতে পুলিশের বাধা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০১:১০ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ও বাগবিগণ্ডা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন শেষে মহিলা দলের নেতাকর্মীরা মিছিল করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘মানববন্ধন শেষে আমরা মিছিল করতে চাইলে পুলিশ আমাদের বাধা দেয়। তাদের বাধার কারণে আমরা মিছিল করতে পারিনি।’

মিছিল করতে না দেওয়ার বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান সাংবাদিকদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মহিলা দলের মানববন্ধন কর্মসূচি ছিল। আপনারা দেখেছেন সেখানে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। আজ সপ্তাহের শেষ দিন, রাস্তায় প্রচণ্ড যানজট রয়েছে। মানুষের সংখ্যাও বেশি। সপ্তাহের শেষ কর্মদিবসে যেহেতু বেশি ভিড় থাকে, আমরা মহিলা দলের নেতাদের অনুরোধ করেছিলাম যেন রাস্তায় কোনো মিটিং-মিছিল না করেন। কিন্তু তারা আমাদের এ নির্দেশনা অমান্য করে মিছিল করার চেষ্টা করেছিলেন, আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাদের এখানে (দলীয় কার্যালয়ের সামনে) আটকে দিয়েছি। অনুরোধ করে তাদের ভেতরে (কার্যালয়ের ভেতরে) পাঠিয়ে দিয়েছি। কিন্তু তারা আমাদের পুলিশ সদস্যদের সঙ্গে বেশ খারাপ আচরণ করেছেন।’

আইনি প্রক্রিয়া নয়, শেখ হাসিনা প্রক্রিয়া-রিজভী : এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ের সামনের ফুটপাতে মানববন্ধন করেন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে মন্ত্রীরা বলেন, আইনে তাকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ নেই। আসলে দেশে কি আইনি প্রক্রিয়া আছে? যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা লক্ষ্মীপুরে এক আইনজীবীকে হত্যা করেছে। সম্প্রতি রাষ্ট্রপতি তাদের ক্ষমা করে দিয়েছেন। এ হচ্ছে আইনি প্রক্রিয়া। জনগণ বলে এটি আইনি প্রক্রিয়া নয়, এটি হচ্ছে শেখ হাসিনা প্রক্রিয়া। শেখ হাসিনা প্রক্রিয়ায় যদি কোনো বিচারপতি নিরপেক্ষ রায় দেন তাকে দেশ ছেড়ে পালাতে হয়।’

তিনি বলেন, ‘আজ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে ধুঁকে-ধুঁকে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। এর জন্য কেউ দায়ী নয়, একজন মাত্র দায়ী, তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি মনে করেছেন অনেক নিরাপদে আছেন। চারদিকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির কী করার আছে। আমি তো নিরাপত্তার মধ্যে আছি। আমি প্রধানমন্ত্রীকে বলব, আপনি চারদিকে যত নিরাপত্তা দেখছেন, এ নিরাপত্তা নিরাপত্তা নয়। ঘরের মধ্যে কোথায় যে ছিদ্র আছে, তা দিয়ে আপনার কাছে হাজির হতে পারে।’

রিজভী আরও বলেন, ‘খালেদা জিয়ার কিছু হয়ে গেলে আপনি নিরাপদ। আপনার সামনে আর কোনো কাঁটা থাকবে না। আপনি যত খুন-গুম, দুর্নীতি করেছেন, মনে করবেন না আপনি নিরাপদ।’

মানববন্ধনে অংশ নেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী জিবা আমিন খান, হালিমা নেওয়াজ আর্লি, নিলুফার চৌধুরী মনি, শাম্মী আকতার, হেলেন জেরিন খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত