স্বাধীনতার ৫০ বছর

দাউদকান্দিতে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ হচ্ছে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০১:১৮ এএম

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদররা দাউদকান্দির স্বাধীনতাকামী ও সনাতন ধর্মের লোকজনদের ধরে নিয়ে রায়পুর কাঠের পুলের নিকট হত্যা করে পাশের ডোবায় ফেলে রাখত। তারপর থেকে ওই স্থানটি বধ্যভূমি হিসেবে পরিচিতি লাভ করলেও এতদিন এখানে কোনো স্মৃতিচিহ্ন ছিল না। তবে স্বাধীনতার ৫০ বছর পর ওই স্থানে এবার স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া দরবার শরিফের পূর্বপাশে রায়পুর গ্রামের মাঝামাঝি স্থান থেকে একটি রাস্তা উত্তর-পশ্চিম দিকে চলে গেছে। এ রাস্তা দিয়ে কিছুদূর অগ্রসর হলে একটি খালের ওপর রয়েছে রায়পুর সেতু। মুক্তিযুদ্ধকালীন কাঠের পুল ছিল এটি। পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা বিভিন্ন গ্রাম থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর সহযোগী সন্দেহে নিরীহ গ্রামবাসীকে ধরে উপজেলার জিংলাতলি ইউনিয়নের রায়পুর কাঠের পুলের ওপর এনে গুলি করে হত্যার পর লাশ খালের পানিতে ফেলে দিত। আবার অনেককে হত্যার পর পুলের দক্ষিণ পাশে গর্ত করে মাটিচাপা দেওয়া হয়েছে বলেও জানান এলাকার বয়োবৃদ্ধ এরশাদ মিয়া ও সামসুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, স্থানীয় একজনের কাছ থেকে দুই শতক জায়গা কিনে নির্মাণকাজ শুরু করেছি। ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত