প্রথমপত্রের পরীক্ষায় দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০২:১৮ এএম

ময়মনসিংহের ত্রিশালে এইচএসসি পরীক্ষায় ফিন্যান্স, ব্যাংকিং ও বীমার (বিষয় কোড ২৯২-২৯৩) প্রথমপত্রের দিনে পরীক্ষার্থীদের মাঝে দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বিতরণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনার পর পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, পূর্বসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমার প্রথমপত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের (বিষয় কোড ২৮৬) প্রথমপত্র পরীক্ষা ছিল। ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থীদের মাঝে আগামী ১৩ ডিসেম্বর থেকে যাওয়া ২৯৩ কোডের প্রশ্নপত্র দেওয়া হয়।

বিষয়টি শিক্ষকদের নজরে এলে ১৫ মিনিট পর ওই প্রশ্নপত্র উঠিয়ে নেওয়া হয়। এ কারণে আধঘণ্টা পরে পরীক্ষা শুরু হয়। স্থানীয় নজরুল ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে একটি প্রশ্নপত্র স্ক্যান করে সেটি থেকে ৫০টি প্রশ্নপত্র প্রিন্ট দিয়ে বেলা সাড়ে ৩টার পরিবর্তে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা নেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল একেএম শফিকুল ফেরদৌস।

এদিকে খবর পেয়ে সন্ধ্যায় কেন্দ্র পরিদর্শনে আসেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল। পরে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি সরেজমিনে তারা দেখেছেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৩ ডিসেম্বরের পরীক্ষা যথাযথ নিয়মে হবে। তবে পরীক্ষার সেট পরিবর্তন করা হবে বলে জানান তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জিল্লুর রহমান আনম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত