বগুড়ার ভাইরাল যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলমের ফেসবুক পেজ থেকে ব্লু-ব্যাজ উধাওয়ের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অনুসারীর সংখ্যা মিলিয়নের অধিক।
এর আগে তার অফিশিয়াল ফেসবুক পেজটি ছিল ভেরিফায়েড। সম্প্রতি তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ব্লু-ব্যাজ উধাও হয়ে গেছে।
এ প্রসঙ্গে হিরো আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন এমন হলো। হতে পারে কেউ আমার বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে। আমি নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না।’
তিনি আরো বলেন, ‘আপনারা জানেন, আমার পেছনে কেউ না কেউ লেগেই থাকে। আমি কারও পেছনে লাগি না। ফেসবুক থেকে কেন ব্লু-ব্যাজ সরানো হলো সে বিষয়ে খোঁজ নিচ্ছি। পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাকে সাহায্য করবে।’
ভাইরাল কনটেন্ট নির্মাতা হিরো আলম জানান, ‘পালাল পালাল মুরাদ হাসান’ শিরোনামে একটি গান আমি আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করার পাশাপাশি আমার ফেসবুক পেজেও দিয়েছিলাম। সেই দিন রাত থেকেই ফেসবুক পেজের ব্লু-ব্যাজ উধাও হয়ে গেছে। আমার মনে হচ্ছে এই গানের কারণে এটি হয়ে থাকতে পারে। যদিও আমি এখনো নিশ্চিত হতে পারছি না।’
