‘কাঁচা বাদাম’ নিয়ে গান গেয়ে ভাইরাল হওয়া ফেরিওয়ালা ভুবন বাদ্যকর এখন কলকাতার পৌরসভার ভোটে তৃণমূলের প্রচারের মুখ। ১৪ নম্বর ওয়ার্ডের জোড়া ফুল প্রার্থী অমল চক্রবর্তী থেকে তৃণমূল বিধায়ক মদন মিত্র তার ভোট প্রচারে ভুবনের আশ্রয় নিলেন।
শনিবার সকালে কলকাতায় অমল চক্রবর্তীর হয়ে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করেছেন। সন্ধ্যায় আবার ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবনকে দেখা গেল মদন মিত্রের সঙ্গে। গান গাওয়া তো ছিলই। রাতারাতি সাড়া ফেলা ভুবনের হালের জনপ্রিয়তাকে তৃণমূলের নেতারা যেমন কাজে লাগাতে চেয়েছেন, তেমন প্রান্তিক ফেরিওয়ালা ভুবনও পরিচিতি ও উপার্জনের একটা বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছেন। কোনো পক্ষ তা আড়ালও করছেন না।
তৃণমূল সূত্রের খবর, মদন মিত্র ২০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি ফল প্রকাশের দিন ১৪৪ কেজি কাঁচা বাদামের অর্ডার দিয়েছেন ভুবনকে।
ভুবন বলছেন, ‘যা চেয়েছিলাম সেটা পাচ্ছি। মানুষের ভালোবাসা আশীর্বাদও পাচ্ছি।’
দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণ গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে দুই ছেলে, স্ত্রী, এক পুত্রবধূ নিয়ে ভরা সংসারে মুখ্য উপার্জনকারী ভুবনই।
মেয়েদের চুল, সিটি গোল্ডের চুরি-মালা, পায়ের তোড়া বালা এবং মোবাইল-ভাঙার বিনিময়ে কাঁচা বাদাম বিক্রি করতেন ভুবন। ক্রেতাদের নজর টানতে কথার পিঠে কথা সাজিয়ে ফেলে বলতেন তিনি। বাদাম বিক্রেতার ‘মেঠো’ সেই সুর কোনো এক পথিক ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে তা রাতারাতি ভাইরাল হয়ে যায়।
