‘বিচার দাবি করায়’ নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে গুলি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১:২৯ এএম

চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে নিহত স্বেচ্ছাসেবকের নেতা রাশেদ কামালের বাড়িতে রাতের আঁধারে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

রাশেদ হত্যাকাণ্ডের বিচার দাবি করায় আসামিরা তার মা ও ছেলেকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় বলে অভিযোগ করেছেন মা জাহানারা বেগম।

গত ১৩ ডিসেম্বর দিবাগত রাত ১১টায় রাশেদ কামালের নানুপুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তের গুলিতে তাদের ঘরের জানালার গ্লাস ভেঙে গেছে।

এছাড়াও গুলির দুটি খোসা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম।

জাহানারা বেগমের অভিযোগ, আমার সন্তান হত্যার বিচার দাবি করায় হত্যাকারীরা জেল থেকে জামিনে এসে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। আমি মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তারা আমাকে ও আমার নাতিকে হত্যার ভয়ভীতি দেখাচ্ছে।

‘গতকাল আমরা যখন ঘুমাতে যাচ্ছিলাম ঠিক সেই সময়ে আমাদের উদ্দেশ্য করে জানালা দিয়ে রুমে গুলি চালায়। আমরা এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

উল্লেখ্য, গেল বছরের ১১ জুন রাত আনুমানিক সাড়ে আটটার দিকে নানুপুর বাজারে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে রাশেদ কামালকে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পরদিন তার মা জাহানারা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় ৬ জনকে সুনির্দিষ্ট ও ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত