অবশেষে সার্জেন্ট মহুয়ার মামলা নিল পুলিশ, আসামি ‘অজ্ঞাত’

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৮:৩৭ পিএম

রাজধানী ঢাকায় গাড়ির ধাক্কায় অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের গুরুতর আহত হওয়ার ঘটনায় অবশেষে তার মেয়ে পুলিশ সার্জেন্ট মেয়ে মহুয়া হাজংয়ের মামলা নিয়েছে থানা।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আজম মিয়া বৃহস্পতিবার রাতে দেশ রূপান্তরকে বলেন, গাড়ির চালকসহ অজ্ঞাতনামা দুজনকে আসামি করে মামলা হয়েছে। কেউ গ্রেপ্তার নেই।

গাড়িটি কোনো বিচারপতির ছেলের কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মামলা হয়েছে। এখন তদন্ত করে দেখা যাবে কার গাড়ি।’

গত ২ ডিসেম্বর মধ্যরাতে রাজধানীর বিমানবন্দর সড়কে একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজং।

দুই দফা অস্ত্রোপচারে তার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। গুরুতর অবস্থায় তিনি এখন বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি।

মনোরঞ্জনের একমাত্র মেয়ে মহুয়া হাজং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সার্জেন্ট পদে কর্মরত।

তার অভিযোগ, তার বাবা মনোরঞ্জন হাজংকে ধাক্কা দেওয়া লাল রঙের বিএমডব্লিউ গাড়িটির চালকের বিরুদ্ধে বনানী থানায় মামলা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু থানা তা নেয়নি।

একটি ভিডিওতে দেখা যায়, ২ ডিসেম্বর রাত ২টার পর বিমানবন্দর সড়কে মোড় ঘোরার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মনোরঞ্জন হাজং। একটি গাড়ি এসে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর মনোরঞ্জন হাজংকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতালে) ভর্তি করে পুলিশ।

ভিডিওতে আরও দেখা যায়, দুর্ঘটনার পর একটি লাল রঙের বিএমডব্লিউ গাড়ি জনতা আটক করে পুলিশে দেয়। গাড়ির চালকের ছবিও দেখানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত