গাড়িচাপায় বাবা আহত

অবশেষে সার্জেন্ট মহুয়ার মামলা নিল পুলিশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০১:১৩ এএম

ঢাকায় গাড়ির ধাক্কায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের গুরুতর আহত হওয়ার ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। ব্যাপক সমালোচনার মুখে দুর্ঘটনার ১৩ দিন পরে গতকাল বৃহস্পতিবার আহত মনোরঞ্জন হাজংয়ের মেয়ে মহুয়া হাজংয়ের অভিযোগ মামলা হিসেবে নিয়েছে বনানী থানা পুলিশ।

গত ২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে রাজধানীর চেয়ারম্যান বাড়িসংলগ্ন ইউটার্নের মুখে দুর্ঘটনায় আহত হন মনোরঞ্জন হাজং। এরপর তার মেয়ে সার্জেন্ট মহুয়া হাজং একাধিকবার থানায় মামলা করার চেষ্টা করেন। তবে এতদিন পুলিশ মামলা নেয়নি।

গতকাল বৃহস্পতিবার মামলাটি নেওয়া হয়েছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি মো. নূরে আজম মিয়া। তিনি বলেন, ভুক্তভোগীর মেয়ে মহুয়া হাজংয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি হয়েছে। গাড়ির চালকসহ অজ্ঞাতনামা দুজনকে আসামি করে মামলা হয়েছে।

গাড়িটি কোনো বিচারপতির ছেলের কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মামলা হয়েছে। এখন তদন্ত করে দেখা যাবে কার গাড়ি।’

বনানী থানা সূত্রে জানা যায়, অজ্ঞাতনামাদের আসামি করে করা মামলাটির মামলা নম্বর ২৫। সড়ক নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে।

মনোরঞ্জন হাজংয়ের ছেলে মৃত্যুঞ্জয় হাজং সাংবাদিকদের বলেন, ‘যদি অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করা হয়ে থাকে, তাহলে আর কী লাভ হবে। আমরা তো আসামির নাম নির্দিষ্ট করে অভিযোগ দিয়েছিলাম।’ ঘটনার পর গত ৩ ডিসেম্বর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অস্ত্রোপচার করে দুর্ঘটনার শিকার মনোরঞ্জন হাজংয়ের ডান পায়ের গোড়ালি নিচ থেকে কেটে ফেলা হয়েছে। অস্ত্রোপচারের পর সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৮ ডিসেম্বর দ্বিতীয় দফা অস্ত্রোপচার করে তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়েছে। কিন্তু সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ডান পায়ের উরু থেকে সম্পূর্ণ পা কেটে ফেলার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে মনোরঞ্জনের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে গত ১৩ ডিসেম্বর তাকে বারডেম হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত