দাপুটে জয় পেয়েছে ইন্টার মিলান। নেরাজ্জুরিরা পয়েন্ট তালিকার সবার শেষে থাকা সালারনিতানাকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।
সেই সঙ্গে শীর্ষস্থানে থাকা ইন্টার ৪ পয়েন্টে এগিয়ে গেছে এসি মিলানের থেকে। নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ম্যাচ কম খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৮ ম্যাচে ৪৩।
ম্যাচের শুরুতে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ইন্টার। বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করেন ডেনজেল ডাম্ফ্রাইস।
দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান আলেক্সিস সানচেজ। সাবেক আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকার সিরি’আ লিগের চলতি মৌসুমে এটি চতুর্থ গোল।
ইন্টারের চতুর্থ গোলটি করেন লওতারো মার্তিনেস। শেষ মুহূর্তে সালারনিতানার জালে শেষ বলটি পাঠান রবার্তো গাগলিয়ার্দিনি।
লিগের আরেক ম্যাচে ঘরের মাঠে অবনমন অঞ্চলে থাকা জেনোয়াকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার আটে উঠে এসেছে লাৎসিও।
