বিরাট কোহলির মহা বিস্ফোরক সাংবাদ সম্মেলনের রেশ এখনো কাটেনি ভারতীয় ক্রিকেটে। তার একাধিক মন্তব্যের জন্য ক্ষতবিক্ষত দেশটির ক্রিকেট। তবে দক্ষিণ আফ্রিকায় পা রাখার পর টেস্ট দলের অধিনায়কের শরীরী ভাষায় মনে হচ্ছে তিনি বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন।
অনুশীলনে সতীর্থদের সঙ্গে ফুটভলি খেলার সঙ্গে দলের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে খোশমেজাজেই দেখা গেছে কোহলিকে।
লুঙ্গি এনগিদি-কুইন্টন ডি ককদের দেশে পা দিয়ে এই মুহূর্তে জোহানেসবার্গের একটি রিসোর্টে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেটারদের ফুটভলি খেলা নিয়ে একটি ভিডিও শনিবার অফিশিয়াল টুইটার, ফেইসবুকে পোস্ট করেছে বিসিসিআই। সেখানেই দেখা যাচ্ছে দ্রাবিড় ও কোহলি বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন।
মুম্বাইয়ে তিন দিন কঠোর কোয়ারেন্টাইনের পর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছায়। সেখানে একদিন কোয়ারেন্টাইনে থাকতে হয় অজিঙ্কা রাহানে-চেতেশ্বর পূজারাদের। সেই কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে মাঠে নেমে পড়েছে ভারতীয় দল।
বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে কোহলিদের মধ্যে চাপের লেশমাত্র নেই। কোহলিকে দেখে মনে হচ্ছে যাবতীয় বিতর্ক তিনি দেশে ফেলে এসেছেন।
ভারতীয় দলের কন্ডিশনিং কোচ সোহম দেশাই বলেন, ‘মুম্বাইয়ে তিন দিন কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। পরে ১০ ঘণ্টার যাত্রা। শুক্রবার ফের কঠোর কোয়ারেন্টাইনে কাটাতে হয়। সুতরাং, সরাসরি স্কিল প্র্যাকটিস ঝুঁকির হয়ে যেত। সেই কারণেই প্রথম দিন দৌড়ানো, স্ট্রেচিং ও ফুট ভলিতে মেতে ওঠে ক্রিকেটাররা। এটা ওদের যাবতীয় চাপ কমাতে সাহায্য করবে।’
২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। তিন ম্যাচের টেস্ট ও সমান ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
