ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত এবং বলিউড সিনেমা শিল্পের জন্য বিখ্যাত মুম্বাই শহরে এক বাংলাদেশি তরুণীকে জোরপূর্বক আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এর সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে মুম্বাই শহরের ডিবি মার্গ থানার পুলিশ।
রবিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে।
মিড ডের প্রতিবেদনে বলা হয়েছে, ভূক্তভোগী ওই বাংলাদেশি তরুণীর বয়স ২০ বছর এবং কাজের সন্ধানে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ে গিয়েছিলেন তিনি। জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার হওয়ার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই দুই অভিযুক্তকে আটক করে মুম্বাইয়ের ডিবি মার্গ থানার পুলিশ।
বাংলাদেশি ওই তরুণী অভিযোগ করেছেন, অভিযুক্তরা পুলিশের কাছে তার বাংলাদেশি পরিচয় প্রকাশের হুমকি দিয়ে তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করে। এভাবে টানা কয়েক মাস তাকে নির্যাতন করা হয়। এরপরই সাহস করে ডিবি মার্গ থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। যার মধ্যে দুজনকে আটক করা হয়েছে। আরেকজন পলাতক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী ভুক্তভোগী ওই তরুণীর বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলার জামালপুর গ্রামে। ১৪ বছর বয়সে তার বিয়ে হয় এবং ১৬ বছর বয়সে তিনি সন্তানের মা হন। কিন্তু একপর্যায়ে তার স্বামী তাকে তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
পুলিশ আরও জানিয়েছে, স্বামী পরিত্যক্তা হওয়ার পর ঢাকায় চলে যান ওই তরুণী। কিন্তু সেখানে জীবিকা উপার্জনে ব্যর্থ হয়ে বেশ কিছু নারীর সহায়তা নিয়ে সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় চলে আসেন। সেখানেও তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।
দুই বছর পর ওই তরুণী সেখান থেকে পালিয়ে যান এবং কাজের সন্ধানে কলকাতা থেকে মুম্বাই চলে আসেন। মুম্বাইয়ে সনু কুমার নামে এক দালালের সাথে পরিচিত হন তিনি।
তরুণীর অভিযোগ, মুম্বাইয়ের নাগপাড়া এলাকায় একটি ঘরে ওই দালাল তাকে আটকে রাখে এবং বেশ কয়েক মাস তার ওপর নির্যাতন করে। পরে গত ৯ ডিসেম্বর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
মুম্বাইয়ের ডিবি মার্গ পুলিশ স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই ৩০ বছর বয়সী রবীন্দ্র কুমার যাদব এবং ৩৬ বছর বয়সী অশোক পিটো নামে দুই অভিযুক্তকে আমরা আটক করেছি। তৃতীয় অভিযুক্ত সনু কুমার পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে।’
