স্বাধীনতার পঞ্চাশ বছরেও বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ করে গড়ে তোলা যায়নি এবং দেশে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য বেড়েই চলেছে বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের আয়োজনে ‘৫০ বছরে বাংলাদেশ: আকাঙ্ক্ষা, অর্জন ও প্রতিবন্ধকতা’ শীর্ষক দুই দিনব্যাপী বাংলাদেশের অর্থনীতি বিষয়ক সম্মেলনের উদ্বোধনী পর্বে এসব কথা বলেন বক্তারা।
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ভার্চুয়ালি এ সম্মেলনের উদ্বোধন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।
অধ্যাপক রেহমান সোবহান বলেন, দেশে অসমতা ও অন্যায় বেড়েই চলছে। বিশেষ করে বাজারকেন্দ্রিক অসমতা যেন একটি উত্তরাধিকার সূত্রে পাওয়া বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের শ্রম বাজার অনেক সস্তা তবে শ্রমিক আন্দোলন অনেক দুর্বল। শিক্ষায় ব্যক্তিগতকরণের ফলে শিক্ষার মান কমে গেছে।
আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল বায়েস বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারিনি। তবে কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ঢাকা কেন্দ্রিক উন্নয়ন। ঢাকাকে যেন একটা উপাসনালয় বানিয়ে ফেলেছি। আমরা ডিজিটালি উন্নত হয়েছি কিন্তু এর সঙ্গে ডিজিটাল বৈষম্যও বেড়েছে। ডিজিটাল হলেই যে উন্নতি হবে বিষয়টা এ রকম নয়।
উদ্বোধনী অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দেশের স্বাধীনতার ৫০ বছরে এসে সকল নাগরিকের এটা পর্যালোচনা করা দরকার যে আমাদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও অর্জন কতটুকু। পাশাপাশি আমাদের প্রতিবন্ধকতাগুলো কী কী। এটা শুধু অর্থনীতির ক্ষেত্রে নয়, অন্যান্য সকল ক্ষেত্রের জন্য এ পর্যালোচনা দরকারি। দেশের স্বাধীনতা, আমাদের বিশ্ববিদ্যালয় এবং এখানকার অর্থনীতি বিভাগ তিনটিই ৫০ বছরে উপনীত হয়েছে। তাই আমরা চাই এর একটা সঠিক পর্যালোচনা হোক।
দুই দিন ব্যাপী এ সম্মেলনে দেশের স্বনামধন্য অর্থনীতিবিদদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের গবেষকেরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. আনিসুজ্জামান চৌধুরী, অধ্যাপক নুরুল হক, অধ্যাপক মো. শওকত আলী প্রমুখ।
