গণমাধ্যমে খবর প্রকাশের পর গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে (২৭) বহিষ্কার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
গণমাধ্যমে খবর প্রকাশের পর থেকে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকার পলাতক রয়েছেন। জাহাঙ্গীর সরকার তেলিহাটি ইউনিয়নের গোদার চালা গ্রামের বাসিন্দা। চলতি ৫ম ধাপের ইউপি নির্বাচনে তেলিহাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হিসাবে মনোনয়ন কিনে নির্বাচনে প্রার্থী হন জাহাঙ্গীর সরকারের বাবা।
স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, রাজধানীর একটি স্থানে বিপুল পরিমাণ ইয়াবাসহ কয়েকজনকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্ততে তাদের আটক করা হয়।
আটকরা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সরকার এ ইয়াবা কারবারের মূল হোতা বলে প্রাথমিকভাবে গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
সংবাদ প্রকাশের একদিনের মাথায় দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।
এ বিষয়ে গাজীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন বলেন, মাদক কারবারে জড়িত হিসেবে অভিযোগ পাওয়া যায় জাহাঙ্গীর সরকারের বিরুদ্ধে। পরে কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর আমরা তার বিষয়ে সিদ্ধান্ত নিতে সুপারিশ করি। রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিষ্কার করে। ছাত্রলীগে কোনো অনৈতিক ও অসৎ লোকজনের স্থান নেই।
