রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মা ও চালক নিহত, ২ ভাই আহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১১:১৩ পিএম

রাজধানীর খিলগাঁও বনশ্রী স্টাফ কোয়ার্টার রোডে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বপন (৩০) নামে অটোরিকশা চালক ও ফাতেমা আক্তার (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছে ফাতেমার দুই ছেলে শাকিবুল আলম রাব্বি (১৫) ও রাইসুল আলম শাকির (১২)।

রবিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশাচালককে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোরিকশার যাত্রী ফাতেমা।

খিলগাঁও থানার ওসি ফারুক আলম দেশ রূপান্তরকে বলেন, বনশ্রী স্টাফ কোয়ার্টার রোডে অসীম পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা নারীসহ তিন যাত্রী ও চালক গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেয়ার পর সেখানকার  কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই যানের যাত্রী ফাতেমা। বাকি দুজনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

নিহত স্বপনের বড় ভাই মনির হোসেন জানান, তাদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামে। বাবার নাম মৃত শহীদ। এক ছেলে ও স্ত্রীসহ পরিবার নিয়ে কাফরুল ইব্রাহিমপুরে থাকতো স্বপন। ভাড়ায় অটোরিকশাটি চালাতো।

এদিকে নিহত ফাতেমার বোন আমেনা বেগম জানান, ফাতেমা দুই ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে থাকে। তার স্বামী শাহ আলম দুবাই প্রবাসী। ছেলেদের নিয়ে ২-৩ দিন আগে গ্রাম থেকে রাজধানীর ডেমরা সানারপাড়ে ফাতেমার খালার বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে রবিবার সকালে অটোরিকশাযোগে দুই ছেলেকে নিয়ে দক্ষিণখানে তার বাসায় যাওয়া কথা ছিল তাদের। পথেই দুর্ঘটনায় পড়ে তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত