ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার পুরো সুস্থ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০২:০৮ এএম

করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দেশের দুই নারী ক্রিকেটার পুরোপুরি সুস্থ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম গতকাল অনলাইন বুলেটিনে বলেন, আমাদের নারী ক্রিকেটার যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন, তারা একেবারেই সুস্থ আছেন। তাদের কোয়ারেন্টাই শেষ পর্যায়ে। খুব সহসাই তাদের আবার পরীক্ষা-নিরীক্ষা করে নিজ বাসায় ফিরে যাওয়ার জন্য অনুমতি দিতে পারব।

গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য ওমিক্রনে আক্রান্তের তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। ১৩ ডিসেম্বর তাদের রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়া নারী ক্রিকেট দলের আরেক পুরুষ সদস্য ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন।

এদিকে দেশে করোনা রোগী শনাক্তের হার ১ শতাংশের নিচে নামার পরদিন গতকাল রবিবার আবার শনাক্তের হার বেড়েছে। দীর্ঘ ৯ মাস ১৮ দিন পর গত শনিবার শনাক্তের হার ছিল দ্বিতীয় সর্বোচ্চ কম শূন্য দশমিক ৮৭। পরদিন গতকাল রবিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ২২ শতাংশ।

এমনকি এক দিনের ব্যবধানে রোগীর সংখ্যাও বেড়েছে। গত শনিবার দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছিল দ্বিতীয় সর্বনিম্ন ১২২ জন। সেখানে গতকাল রোগী বেড়ে হয়েছে ২১১ জন। শনাক্ত রোগীদের মধ্যে ১৬৫ জনই ঢাকা জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ৪৩ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। পুরো সিলেট বিভাগেই কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি এই সময়ে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩।

গত এক দিনে দেশে একজন কভিড রোগীর মৃত্যু হয়েছে। তাতে এ পর্যন্ত মারা যাওয়া কভিড রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৪৮।

সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছে আরও ১৬৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন সুস্থ হয়ে উঠল।

গতকাল যে একজনের মৃত্যু হয়েছে, তিনি ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি সাত বিভাগে এক দিনে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগের দিন শনিবার ১২২ নতুন রোগী শনাক্ত এবং ৪ জনের মৃত্যু হয়েছিল। সে অনুযায়ী রবিবার মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৭ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১২ লাখ ৬৬ হাজার ৭৪টি নমুনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত