ব্যাটারিচালিত রিকশাভ্যান-ইজিবাইকের লাইসেন্সের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০১:৫৪ পিএম

ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয়, সংগ্রাম কমিটির প্রস্তাবনা যুক্ত করে বিআরটিএ প্রস্তাবিত ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ দ্রুত চূড়ান্ত করার দাবি জানিয়েছে রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ।

রিকশা-ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স প্রদান করে ৫০ লাখ পরিবারের জীবন-জীবিকা রক্ষার দাবিতে বরিশালে সমাবেশ ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

সোমবার সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। প্রায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন।

বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্যসচিব ড. মনীষা চক্রবর্তী, নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ হাসেম আলীসহ অনেকে। পরে তারা মিছিল সহকারে বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে।

এর আগে রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সমাবেশে যোগ দিতে বরিশালের বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমিকরা মিছিল সহকারে টাউন হলের সামনে এসে জড়ো হতে থাকে।  এতে সদর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে অফিস, কলেজগামী শিক্ষার্থী ও পথচারীরা।

বক্তারা দাবি করেন, এই খাতে ৫০ লাখ পরিবারের জীবন-জীবিকা রক্ষায় সরকার এমন কোনো পদক্ষেপ নিবে না, যাতে দেশের সকল শ্রমিকেরা একাট্টা হয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়। সমাবেশ শেষ বিক্ষুব্ধরা মিছিল বের করে। মিছিলটি বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত