নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১:৫৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী মাহবুব হোসেন সরকার ও আবদুর রউফের কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত রবিবার রাতের কোনো একসময় ইউনিয়নের আনন্দবাজার এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলার প্রস্তুতি চলছে।

ওই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আল আমিন সরকার, স্বতন্ত্র  প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুর রউফ, সাবেক চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মহিউদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন ঘিরে প্রার্থীদের কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কয়েক দিন যাবৎ আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকদের উত্তেজনা বিরাজ করছিল।

আল আমিন সরকারের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান আবদুর রউফের নির্দেশে তার কর্মীরা বিভিন্ন স্থানে সাঁটানো নৌকার ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলেছে। নৌকার পক্ষে গণজোয়ার দেখে ঈশর্^ান্বিত হয়ে গত রবিবার রাতে আবদুর রউফ ও মাহবুব সরকারের সমর্থকরা তার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করে।

তবে স্বতন্ত্র প্রার্থী মাহবুব হোসেন সরকার ও আবদুর রউফ এসব অভিযোগ অস্বীকার করে বলেন,  নৌকার প্রার্থীর সমর্থকরা নিজেরাই নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত