পদ্মা সেতুর মালামাল চুরি গ্রেপ্তার ১৩

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০১:৫১ এএম

সাগরে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মালামাল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। গত রবিবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে দুটি নৌকাসহ তাদের আটক করে নৌ পুলিশ। পরে কর্ণফুলী থানায় মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তাররা হলো শেখ মোহাম্মদ (২৮), মো. আক্কাস (৪০), নুরুল আফসার (৩০), মোহাম্মদ আলী (৫৭), রফিক (৪৬), মাহবুব আলী (৩০), মোহাম্মদ আলমগীর (৩২), আইয়ূব আলী (৫৫), জবেল হোসেন (৫৯), খায়ের আহমদ (৩০), আবদুল হামিদ (২৭), সোহরাব হোসেন (৬০) ও আরাফাত (২৫)।

চট্টগ্রাম নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, গোপন তথ্যে তাদের একটি দল কর্ণফুলী নদীতে অবস্থান নেয়। রবিবার গভীর রাতে সন্দেহজনক দুটি নৌকা দেখতে পেয়ে থামার সংকেত দেয়। কিন্তু তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে শাহ মিরপুর বালুপুকুর পাড় এলাকায় নৌকা দুটি ও ১৩ জনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে নৌকা থেকে চুরি করা সাড়ে ৪ হাজার কেজি গ্যালভানাইজিং লোহার অ্যাঙ্গেলবার জব্দ করা হয়।

গত ১৩ জুলাই চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জ যাওয়ার পথে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় পদ্মা সেতুর মালামালবাহী কার্গো জাহাজ ‘এমভি হ্যাং গ্যাং-১’। পরে প্রায় ৪৫ শতাংশ মালামাল সরিয়ে জাহাজটি নির্দিষ্ট স্থানে রাখা হয়। এরপর কিছুদিন ধরে তাদের মালামাল নেওয়ার কাজ বন্ধ ছিল। কিন্তু সেখানে পাহারার ব্যবস্থা না রাখায় সেখান থেকে সংঘবদ্ধ চক্র এসব মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত