ম্যারাডোনার গাড়ি-বাড়ির নিলামে ক্রেতা নেই!

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০৮:৩৪ পিএম

নিলামে তোলা হয়েছে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার ব্যবহৃত প্রায় ৯০ টি জিনিস। কিন্তু এই নিলামের আয়োজকদের বেশ হতাশই হতে হলো। ম্যারাডোনার ব্যবহৃত জিনিস কেনার জন্য ক্রেতাই যে নেই! তাই নিলামের দিন বাড়াতে বাধ্য হলেন আয়োজকেরা।

ক্রেতার অভাবে ম্যারাডোনার অবিক্রীত থেকে যাওয়া জিনিসগুলোর মধ্যে রয়েছে- দুটি বিএমডব্লিউ, সমুদ্রের কাছে থাকা একটি অ্যাপার্টমেন্ট এবং বুয়েনস আইরেসে তিনি তার মা-বাবাকে যে বাড়িটি দিয়েছিলেন।

তিন ঘণ্টায় ওই নিলামটি হয়েছিল। সেই নিলাম থেকে এসেছে ২৬ হাজার ডলার। প্রায় ১.৪ মিলিয়ন ডলারের বেশি মূল্যবান দ্রব্য নিলামে বিক্রি হয়নি।

এই নিলামে সব থেকে বেশি দাম ওঠে শিল্পী লু সেদোভার আঁকা ম্যারাডোনার একটি ছবির। ২,১৫০ ডলারে সেটি বিক্রি হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছে ফিদেল কাস্ত্রোর সঙ্গে ম্যারাডোনার একটি ছবি।

নিলাম হাউসের শীর্ষ কর্তা আদ্রিয়ান মার্কাদো বলেছেন, ‘সময়সীমার মধ্যে রেজিস্টার করতে না পেরে এবং জাতীয় ও আন্তর্জাতিক দরদাতার সংখ্যার কারণে বিডের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অবশিষ্ট জিনিসগুলি কেনার জন্য নতুন বিডাররা রেজিস্টার করতে আরো ১০ দিন সময় পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত