ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবাহিত ছাত্রীদের হলে থাকতে আর বাধা নেই

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৮:৩২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীরা থাকতে পারবেন বলে সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। বুধবার রাতে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাঁচটি হলে আসন বণ্টন–সম্পর্কিত নীতিমালার একটি ধারায় বলা হয়েছে, কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়মভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না।

অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিবাহিত ও অন্তঃসত্ত্বা মেয়েদের হলে না থাকার যে নিয়ম ছিল সেটা রহিত করা হয়েছে। তাদের হলে থাকতে আর কোনো বাধা নেই। আমাদের এ সুপারিশ সিন্ডিকেটে উঠবে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। 

তিনি বলেন, অন্তঃসত্ত্বা মেয়েদের হলে না থাকার ব্যপারে আমরা নিরুৎসাহিত করি। এ সময়টাতে মেয়েদের পরিবারের কাছে থাকাটা জরুরি বলে মনে করি।

এর আগে বুধবার সকালে অন্তঃসত্ত্বা হলে থাকতে পারবেন না এবং বিবাহিত হলে তা কর্তৃপক্ষকে না জানালে ছাত্রীর হলের সিট বাতিল হবে— ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এমন বিধান বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, শামসুন নাহার হলসহ তিনটি ছাত্রী হলের প্রভোস্ট বরাবর এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ শিশির মনির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত