যুক্তরাষ্ট্রে খাদ্য সংকটে ২ কোটি মানুষ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১০:৪৬ পিএম

করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক মানুষ বেকার হয়েছে। বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যাও। আর্থিক দুর্দশা কাটাতে সরকার মোটা অঙ্কের সহায়তা কর্মসূচি চালু করলেও তার মেয়াদ ফুরিয়ে যাওয়া ও খাদ্যপণ্যের রেকর্ড দামের কারণে অনটনে পড়েছে অনেক পরিবার। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর এক জরিপ বলছে, চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে ২ কোটি ১০ লাখের বেশি মানুষ পর্যাপ্ত খাবার পায়নি। খবর আল-জাজিরার।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাসিক ‘চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেমেন্ট’ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের পরিবারগুলো আরও চাপের মুখে পড়তে পারে। এ কর্মসূচির মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাব পাসের চেষ্টা সিনেটে আটকে রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বড়দিন, নববর্ষসহ উৎসবের মৌসুমে খাবার সংকটে ভোগা আমেরিকানদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ডিসেম্বরের শুরু থেকে খাবার সংকটে ভুগছেন ২ কোটি ১০ লাখের বেশি আমেরিকান। করোনা মহামারীর সময় সরকারের দেওয়া অর্থ সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো থেকে চলতি মাসের ১ থেকে ১৩ তারিখ পর্যন্ত সংগ্রহ করা হাউজহোল্ড পালস জরিপের তথ্যে দেখা যাচ্ছে, দেশটিতে মাঝেমধ্যে বা প্রায়ই খাবার সংকটে ভুগছে এমন পরিবারের সংখ্যা চলতি মাসে বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া এক বছর আগের তুলনায় যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৪ শতাংশ। একই সঙ্গে পণ্যের চাহিদা বাড়ছে বলেও দেখতে পাচ্ছে ফুড ব্যাংকগুলো। এ পরিস্থিতিতে অপুষ্টিতে ভোগা এবং অনাহারে-অর্ধাহারে থাকা শিশুদের প্রতি সহায়তাও বেড়েছে।

চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেমেন্ট মূলত বছরে ১ লাখ ৫০ হাজার ডলারের কম উপার্জনকারী দুই অভিভাবকবিশিষ্ট পরিবারের ট্যাক্স রিটার্নের অগ্রিম হিসেবে কাজ করে। এই স্কিমের আওতায় যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবার ছয় বছরের নিচে প্রতি শিশুর জন্য মাসিক ৩০০ ডলার এবং ১৮ বছরের কমবয়সী প্রতি শিশুর জন্য ২৫০ ডলার সরকারের কাছ থেকে পেয়ে থাকে।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর জরিপের তথ্য বলছে, সরকারের পক্ষ থেকে মাসের মাঝামাঝি পর্যায়ে দেওয়া এই অর্থ সহায়তা বেশিরভাগ মা-বাবা খাবার কেনার পেছনেই খরচ করে থাকেন। আগের গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সরকারের এই অর্থ সহায়তাকে স্থায়ী করা হলে দেশটিতে শৈশবকালীন দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। তবে চিন্তার বিষয় হলো, চাইল্ড ট্যাক্স ক্রেডিটের সর্বশেষ পেমেন্ট গত ১৫ ডিসেম্বর শেষ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত