ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেলার একটি আদালত ভবনে বিস্ফোরণে অন্তত দুজন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর দিয়েছে এনডিটিভি।
আদালত ভবনের একটি শৌচাগারে এ বিস্ফোরণ হয়। এতে কমপক্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ওই ভবন ঘিরে রেখেছে। তবে কী কারণে এ বিস্ফোরণ, তা জানা যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ নিয়ে এখনো কিছু জানানো হয়নি।
তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি দাবি করেছেন, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় তলায় ওই বিস্ফোরণ হয়। এতে ওই ভবনের দেয়াল ও কাচ ভেঙে গেছে।অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাঞ্জাবের লুধিয়ানা শহরে যেখানে জেলা কমিশনারের কার্যালয়, তার পাশেই এ আদালত ভবন। এ আদালত ভবন ও কমিশনারের কার্যালয় শহরের কেন্দ্রে। বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, যখন এ বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন আদালতের কার্যক্রম চলছিল। যে ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ভবনে আটটি আদালতকক্ষ রয়েছে।
মুখ্যমন্ত্রী চান্নির পাশাপাশি সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন।
কেজরিওয়াল বলেন, ‘প্রথমে মন্দির অপবিত্র করার অভিযোগে পিটিয়ে হত্যা, এখন বিস্ফোরণ। কিছু মানুষ পাঞ্জাবের শান্তি বিনষ্ট করতে চায়। কিন্তু আমরা তাদের পরিকল্পনা সফল হতে দেব না।’
