নির্বাচনী সহিংসতা

নৌকা সমর্থকের কবজি কেটে নিল স্বতন্ত্রের সমর্থকরা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০২:২৪ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গত বুধবার রাতে ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি পাতাকাটা গ্রামে নৌকার পক্ষে প্রচারের সময় এ হামলার ঘটনা ঘটে। কবজি কেটে নেওয়া বিপ্লব ব্যাপারীকে (২৮) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিপ্লবের কবজি কেটে নেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে গতকাল বৃহস্পতিবার একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পাতাকাটা গ্রামের একাধিক বাসিন্দা জানান, ধানীসাফা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী হারুন তালুকদার বুধবার সন্ধ্যায় নির্বাচনী সভা শেষে প্রচারণায় নামেন। এ সময় ফুলঝুড়ি পাতাকাটা এলাকায় স্বতন্ত্র প্রার্থী (চশমা প্রতীক) মো. রফিকুল ইসলামের সমর্থকরা নৌকার সমর্থকদের ওপর হামলা চালায়। তখন নৌকার সমর্থক বিপ্লব ব্যাপারীর হাতের কবজি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে ফেলে প্রতিপক্ষরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. গাজী তানভীর সাংবাদিকদের জানান, বিপ্লবের বাঁ-হাতের কবজির অর্ধেক অংশ কেটে ঝুলে যায়।

এদিকে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের দাবি, তার সমর্থকরা কারও ওপর হামলা করেনি, উল্টো তার সমর্থকদের তিন-চারটি মোটরসাইকেল ভাঙচুর করে নৌকার সমর্থকরা। এতে তার দুই সমর্থক আহত হয়েছেন।

মঠবাড়িয়া থানার ওসি মুহাম্মদ নুরুল ইসলাম বাদল জানান, কবজি কেটে নেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে গতকাল পাতাকাটা গ্রাম থেকে ফরিদ হালাদার (৫০) নামে একজনকে আটক করা হয়েছে। নতুন করে সহিংসতা রোধে ওই নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত