কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক রোহিঙ্গা মাঝিকে (নেতা) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত বৃহস্পতিবার রাতে পালংখালীর ৮ নম্বর পূর্ব শিবিরে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মোহাম্মদ ইয়াসিন (৩৫) ওই শিবিরের প্রধান নেতা (হেড মাঝি)। তার বসতঘর থেকে একটি দেশে তৈরি এলজি জব্দ করা হয়েছে।
এপিবিএন সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে ইয়াসিনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়।
সূত্রটি জানায়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ পায়েল হোসেনের নেতৃত্বে অভিযানের সময় ইয়াসিনের বসতঘরে রাখা সিমেন্টের বস্তার নিচ থেকে এলজিটি উদ্ধার করা হয়। তিনি ওই শিবিরের মোহাস্মদ ইসমাইলের ছেলে। এ ব্যাপারে উখিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
