কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী শেষ মিছিল শেষে বাড়ি ফিরে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থক স্ট্রোক করে মারা গেছেন।
শুক্রবার রাতে নির্বাচনী প্রচারণা শেষ দিনে গণমিছিল শেষে বাড়ি ফিরে তার মৃত্যু হয়।
তিনি কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামের হাকি মিয়ার ছেলে হেলিম মিয়া (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালিকাপ্রসাদ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. লিটন মিয়ার চশমা মার্কার গণ-মিছিল শেষে বাড়ি ফিরে হেলিম মিয়া অসুস্থ বোধ করেন। তাকে তার স্বজনরা বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে নির্বাচনী মিছিল শেষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কারও কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।
