কক্সবাজারে ‘খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প’ পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৮:১৬ পিএম

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার নির্মাণাধীন খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি সরেজমিনে নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩৮০৮টি পরিবারের পুনর্বাসনসহ এই জনগোষ্ঠীর দারিদ্র্যতা হ্রাসের লক্ষ্যে আয়ের পথ উন্মুক্ত করা এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পটি ২৪ নভেম্বর ২০২০ তারিখে একনেক সভায় অনুমোদিত হয়।

প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে পাইল ফাউন্ডেশন দিয়ে ১১৯টি ৫ তলা ভবন নির্মাণ। এছাড়াও এই প্রকল্পের আওতায় ধর্মীয় উপাসনালয়, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, খেলার মাঠ এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাসহ নানা সুবিধাদি থাকছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।  আগামী জুন ২০২৩ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত