সরকার দেশের মানুষকে সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এমন একটা আবহ সৃষ্টি করা হয়েছে যে অতীতের যা কিছু মহান, যা কিছু ভালো সব কিছু ভুলিয়ে দাও। আর যারা ভালো কাজ করছে, করেছে; আমাদের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে তাদের মনে করার কোনো দরকার নেই এমন একটা আবহ সৃষ্টি করা হয়েছে।’
গতকাল শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জিয়া শিশু একাডেমির শাপলাকুঁড়ির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সংকটটা বড় জটিল। জটিল হচ্ছে যে, স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হচ্ছে এই বছর, এটাকে বিজয়ের মাস বলা হয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই বিজয়ের মাসে যারা স্বাধীনতার যুদ্ধের সময়ে, একাত্তর সালে আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন, আমাদেরকে পথ দেখিয়েছিলেন, আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন, আমাদের জন্য বন্দি ছিলেন তাদেরকে আমরা কেন জানি না সেইভাবে সামনে নিয়ে আসতে পারছি না, মনে করতে পারছি না।’ তিনি বলেন, ‘এটা খুব কষ্টের, বেদনার। এটা কখনো কোনো জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় না। আমরা নতুন পৃথিবীর স্বপ্ন দেখতে চাই, আনন্দময় স্বপ্ন দেখতে চাই। আমরা আলোকিত পৃথিবী চাই, আমরা অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাই। যদিও আমাদের চারদিকে অন্ধকার ছেয়ে ফেলে তা থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে।’
মির্জা ফখরুলের প্রত্যাশা শিশুরা একটা পৃথিবী নির্মাণের সুন্দর স্বপ্ন দেখবে। তিনি বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন নতুন পৃথিবী করার চিন্তায়। স্বপ্ন দেখতেন আনন্দময়, কল্যাণময় সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়বার। তিনি শুরু করেছিলেন সেইভাবে, শিশুদের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলবার জন্য।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের এই বড়দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে সুস্থ করে আবার আমাদের কাছে ফিরিয়ে দেন।’ এ সময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।
শাপলাকুঁড়ির যাত্রা শুরু ১৯৯৯ সাল থেকে। তখন থেকে এই পর্যন্ত যারা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তাদেরকে এই অনুষ্ঠানে শাপলাকুঁড়ি পদক দেওয়া হয়। জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্টা।
