নৌকার প্রার্থীর বিরুদ্ধে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউপির চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী।
রবিবার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
মোহাম্মদ আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান। তিনি চশমা প্রতীক নিয়ে এবারের নির্বাচনে অংশগ্রহণ করেন।
তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান তালুকদার সকাল থেকে বহিরাগত নেতাকর্মী দিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার করছেন। ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছেন। যেখানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই, সেখানে নির্বাচনে থাকার প্রশ্নই আসে না। আমি নির্বাচন বর্জন করছি। এ নির্বাচন আমি মানি না। এই ইউনিয়নে পুনরায় নির্বাচনের জন্য সরকারের কাছে আবেদন করছি।
এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান তালুকদার বলেন,বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন ও বিভিন্ন অভিযোগ হাস্যকর ছাড়া কিছুই নয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটকে বিতর্কিত করার জন্যই এই সাজানো অভিযোগ। নিজের ভরাডুবি নিশ্চিত জেনেই আগে থেকেই নির্বাচন বর্জন করেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল শুক্কুর বলেন, দু-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
