নিরাপদ নৌভ্রমণ, যাত্রী অধিকার সংরক্ষণ, দুর্ঘটনায় নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণসহ ৬ দফা দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে বরগুনা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে যাত্রী সুরক্ষায় ৬ দফা দাবি তুলে ধরে আয়োজক কর্তৃপক্ষ। দাবিগুলো হলোÑ প্রত্যেক দুর্ঘটনায় নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়া, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, জনপ্রতি লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা, আধুনিক অগ্নিনির্বাপক প্রযুক্তি নিশ্চিত করা, দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন না করা।
মানববন্ধনে বক্তারা বলেন, বরগুনায় লঞ্চ সিন্ডিকেট বন্ধ করতে হবে, যাত্রীদের নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর চলবে না। বরগুনায় লঞ্চ চলতে হলে আমাদের দাবি মানতে হবে।
যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি সঞ্জীব দাসের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য চিত্তরঞ্জন শীল, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, উন্নয়নকর্মী ডিউক ইবনে আমিন প্রমুখ।
