চুয়াডাঙ্গায় গুড় কিনে বাড়ি ফেরার পথে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে গৃহবধূ ৩ জনের নামে মামলা করার পর ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ২৫ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভার নীলা মোড়ে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুজন হলেন- রুবেল হোসেন (৩২) ও মো. নাজিম হোসেন (৩০)। অপরজন বিল্লাল হোসেন পলাতক।
মামলার সূত্রে পুলিশ জানায়, গত শনিবার খেজুরের গুড় কিনতে জনৈক আব্দুল আলীমের বাড়ি যান ওই গৃহবধূ। রাত ৮টার দিকে পাখিভ্যান করে বাড়ি ফেরার সময় তিনজন মোটরসাইকেলে এসে গাড়ির গতিরোধ করে। এরপর ওই গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার সময় ভ্যানচালক বাধা দিলে তাকেও মারধর করে অভিযুক্তরা।
পরে তারা গৃহবধূকে পৌরসভার বুজরুক গড়গড়ী মাদারতলা রোডের ইটভাটার পটের পাশে আম বাগানে ধর্ষণ করে। এরপর রাত ১২টায় ওই গৃহবধূকে তার বাড়িতে দিয়ে যায় অভিযুক্তরা।
লোকলজ্জার ভয়ে দুই দিন চুপ থাকার পর সোমবার রাতে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন গৃহবধূ।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, সোমবার রাতে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বিল্লাল হোসেনকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
