ঝালকাঠির বিষখালী নদী থেকে মঙ্গলবার উদ্ধার হওয়া কিশোরের (১২) মরদেহের পরিচয় মিলেছে। তার নাম মাহির হোসেন। বাড়ি চাদপুরের জেলা শহরে।
সংবাদমাধ্যমে খবর দেখে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় ঝালকাঠিতে এসে সন্তানের মরদেহ শনাক্ত করেছেন বাবা মাসুদ রানা।
মাসুদ রানা জানান, ঢাকা সদরঘাট থেকে অভিযান-১০ লঞ্চে করে নানির সঙ্গে বরগুনা জেলার বেতাগীতে খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল মাহির হোসেন।
সেদিন ঝালকাঠির সুগন্ধা নদীতে রাত ৩টার কিছু আগে অগ্নিকাণ্ড ঘটলে প্রাণ বাঁচাতে নানি জরিনা বেগম মাহিরকে নিয়ে নদীতে ঝাঁপ দেন। কিছু দূর সাঁতার কাটার পর নাতিকে হারিয়ে ফেলেন জরিনা বেগম। তিনি সাঁতরে কুলে উঠতে পারলেও মাহির তলিয়ে যায়।
মাহিরের বাড়ি চাঁদপুর জেলা শহরে হলেও ঢাকার মিরপুর ১৪ নম্বর এলাকার একটি মাদ্রাসায় সে লেখাপড়া করত।
মঙ্গলবার দুপুর সাড়ে বারটার দিকে বিষখালী নদীর চর ভাটারাকান্দা এলাকার নদীর চরে আটকে পড়ে থাকা অজ্ঞাতপরিচয়ের এই কিশোরের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঝালকাঠি সদর থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি অপারেশন) আব্দুল মালেক বলেন, শনাক্ত হওয়ার পর রাতেই মাহিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
