ধোনি-ঋদ্ধিমানের রেকর্ড ভেঙে দিলেন পন্ত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৪:৩৪ পিএম

সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে গ্লাভস হাতে মাঠে নেমে ইতিহাস গড়েছেন ঋষভ পন্ত। টেস্টে দ্রুততম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে ১০০ ডিসমিসালের রেকর্ড গড়েছেন তিনি।

মঙ্গলবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে এই মাইলফলক গড়েন পন্ত। ভারতীয় উইকেটরক্ষক হিসেবে দ্রুততম ১০০ ডিসমিসাল বা শিকারের আগের রেকর্ডটি ছিল মহেন্দ্র সিং ধোনি ও ঋদ্ধিমান সাহার।

১০০ ডিসমিসালের মাইলফলকে পা রাখতে ৩৬ ম্যাচ লেগেছিল এই দু’জনের। ধোনি-ঋদ্ধিমানের চেয়ে ১০ ম্যাচ কম খেলে রেকর্ডটি নিজের করে নিলেন পন্ত। এই রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে আছেন কিরণ মোর (৩৯ ম্যাচ)। পরের স্থানে নয়ন মঙ্গিয়া ও সৈয়দ কিরমানি।

তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের চতুর্থদিনের খেলা চলছে আজ (বুধবার)। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৭৯ রান নিয়ে মধ্যাহ্নভোজে গেছে ভারত। সফরকারীরা প্রথম ইনিংসে করে ৩২৭ রান। এখন পর্যন্ত ২০৯ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া। দ.আফ্রিকা প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৯৭ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত