সারা দেশে ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০১:৫৭ এএম

সারা দেশে ওয়ার্ডে ওয়ার্ডে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘জানুয়ারি থেকে প্রতি মাসে আমরা অন্তত ৪ কোটি ডোজ টিকা দেওয়ার কাজ শুরু করছি। এ জন্য আগামী মাস থেকেই আমরা দেশের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেওয়ার উদ্যোগ নিচ্ছি। এতে আশা করা যায়, আগামী মে-জুনের মধ্যেই আমাদের টিকাদান লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হব।’

গতকাল বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে রাষ্ট্র মালিকাধীন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা ইতিমধ্যেই ৩১ কোটি ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা করেছি। এই টিকা থেকে প্রতি মাসেই প্রয়োজনীয় পরিমাণে টিকা আমাদের হাতে চলে আসছে। এরই মধ্যে ৭ কোটি প্রথম ডোজ, ৫ কোটি ডাবল ডোজসহ মোট ১২ কোটি ডোজ টিকা দেওয়া সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য পূরণ করতে বুস্টার ডোজসহ মোট ২৮ কোটি ডোজ টিকা প্রয়োজন হবে। আমাদের হাতে আরও ৩ কোটি ডোজ টিকা থাকবে। আর ইতিমধ্যে আমরা স্কুল পর্যায়সহ বস্তিতে গিয়েও টিকা দিয়েছি।’

ইডিসিএলে উৎপাদন চাহিদা দিন দিন বেড়েই চলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানারকম ওষুধের উৎপাদনের চাহিদাও পাচ্ছে ইডিসিএল। কিন্তু সে তুলনায় ইডিসিএল স্বয়ংসম্পূর্ণ নয়। অবকাঠামোগত দুর্বলতা, যন্ত্রপাতির ঘাটতি, ফ্যাক্টরির জায়গা স্বল্পতাসহ এখানে নানারকম সমস্যা রয়েছে। এজন্য ইডিসিএলর জন্য একটি অত্যাধুনিক মানের কারখানা নির্মাণের বিল এখন একনেকে রয়েছে। এটি দ্রুতই সম্পন্ন হয়ে যাবে।’

জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশ করোনা মোকাবিলায় বিশ্ববাসীর প্রশংসা পেয়েছে। সাউথইস্ট এশিয়াতে করোনা মোকাবিলায় বাংলাদেশ প্রথম হয়েছে। ব্লুমবার্গ প্রশংসা করেছে। ১২০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন করা হয়েছে। ফিল্ড হাসপাতাল করা হয়েছে। হাসপাতালে বেড বাড়ানো হয়েছে। দেশে করোনার সময় কোথাও ওষুধ বা অক্সিজেন সংকট দেখা দেয়নি। সঠিক চিকিৎসা গাইডলাইন ছিল বলেই করোনা এখন নিয়ন্ত্রণে রয়েছে।’

করোনার নতুন ধরন ওমিক্রন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে ওমিক্রনে আবার চাপ বাড়তে পারে। সেক্ষেত্রে শুধু ভ্যাকসিন ওমিক্রন ঠেকাবে না। আমাদের স্বাস্থ্যবিধি যথার্থ নিয়মে মানতে হবে।’ ওমিক্রন মোকাবিলায় সবাইকে মাস্ক পরারও আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত