যুবলীগ ছেড়ে ভিপি নুরের দলে উপজেলা ভাইস চেয়ারম্যান

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০২:০১ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বরকত আলী সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। গত সোমবার ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সদস্য সচিব নুরুল হক নুরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। সে সময় বরকত ছাড়াও আরও কয়েকজনকে মিষ্টিমুখ করিয়ে দলে স্বাগত জানান নুরুল হক নুর।

এদিকে যুবলীগ নেতার দলত্যাগের ঘটনায় এলাকায় নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে মো. বরকত আলী বলেন, ‘আমি একজন অবহেলিত ভাইস চেয়ারম্যান। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছি। উপজেলা যুবলীগের জয়েন সেক্রেটারি ছিলাম। কিন্তু দলে কোনো মূল্যায়ন ছিল না। কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হতো না। সব কিছুতে আমাকে বঞ্চিত করা হয়েছে। আমার থেকে ইউনিয়ন পরিষদের একজন ওয়ার্ড সদস্য ভালো অবস্থানে আছে। মনের কষ্টে আমি দল পরিবর্তন করেছি।’ তিনি বলেন, ‘আমি গণঅধিকার পরিষদের সঙ্গেই আছি। তাদের চিন্তা পজিটিভ। দল ছোট হলেও জনসমর্থনে বড়।’

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব রেজা জানান, বরকতের গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার খবর তিনি শুনেছেন। তবে তার দাবি বরকত উপজেলা নয় ইউনিয়ন যুবলীগের কমিটিতে ছিলেন। তার বিরুদ্ধে আগে থেকেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, ‘প্রায় বিশ বছর আগে ভাইস চেয়ারম্যান বরকত আওয়ামী লীগে যোগদান করেছিলেন। তবে তিনি কোনো রাজনৈতিক পদে নেই।’

এদিকে বরকত ছাড়া জেলা যুবদল নেতা শিবলু, ব্যবসায়ী শাহেদ জোয়ার্দার, মোহাম্মদ রাসেল একই সময় নুরের দলে যোগ দেন। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত