এ বছর দেশের বাইরের নয়টি কেন্দ্রে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৯৫ দশমিক ৬৭ শতাংশ পাস করেছে। তবে কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে সেই সংখ্যা জানানো হয়নি। গত বছর বিদেশের কেন্দ্রে ৯৪ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসেবে এবার বিদেশের কেন্দ্রে পাসের হার বেড়েছে ১ দশমিক ০৩ শতাংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এরপর শিক্ষামন্ত্রী দীপু মনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
এবার দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবি, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স কেন্দ্রে ৪১৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩৯৮ জন পাস করেছে।
