টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারাল ভারত, গুনল জরিমানাও

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০২:৫৭ পিএম

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভাররেটের অপরাধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারিয়েছে ভারত। সেই সঙ্গে বিরাট কোহলির দলকে ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেছে ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট

আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘আর্টিকেল ২.২২ অনুসারে আইসিসির কোড কনডাক্ট ভাঙলে, প্রত্যেক খেলোয়াড়দের ২০ শতাংশ ম্যাচ ফির জরিমানা দিতে হয়। যা আবার ওভার-রেট অপরাধের সঙ্গেও সম্পৃক্ত।

এ ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ কন্ডিশনের ১৬.১১ আর্টিকেল অনুসারে প্রতিটি কম ওভারের জন্য দলের এক পয়েন্ট করে কাটা যায়। সেই নিয়ম ভঙ্গ করে ভারতের এক পয়েন্ট কাটা গেছে। টিম ইন্ডিয়াকে এই শাস্তি দিয়েছেন আম্পায়ার মারাইস ইরাসমাস, আদ্রিয়ান হোল্ডস্টক, আল্লাহুদিয়েনে পালেকারবোঙ্গানি জেলে।

স্লো ওভাররেটের কারণে এ নিয়ে তিন পয়েন্ট হারাল ভারত। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে দুই পয়েন্ট বিসর্জন দিয়েছিল তারা। চার জয়, এক হার ও দুই ড্রয়ে বর্তমানে তাদের পয়েন্ট ৫৩। তালিকায় ভারত আছে চারে। শীর্ষে অস্ট্রেলিয়া। দুই ও তিনে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

দ.আফ্রিকা ও ভারতের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি, জোহেনাসবার্গে। সিরিজের শেষ টেস্ট হবে ১১ জানুয়ারি, কেপ টাউনে। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত