ফরিদপুরে পল্লী কবির ১১৯তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১১:৫৯ পিএম

পল্লীকবি জসীম উদ্দীনের ১১৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ফরিদপুরে। গতকাল শনিবার জেলার শহরতলি অম্বিকাপুরে কবির সমাধিস্থলে এ উপলক্ষে নানা আয়োজন করা হয়। ১৯০৩ সালের ১ জানুয়ারি শহরতলির কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন কবি জসীম উদ্দীন।

‘তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়’, ‘এইখানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে/ তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে’, এরকম বহু জনপ্রিয় কবিতা, গল্প, নাটক আর গানের মাধ্যমে গ্রামবাংলার মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে তিনি পেয়েছিলেন ‘পল্লীকবি’ উপাধি। পল্লীকবি জসীম উদ্দীন ১৯৭৬ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন। এদিন কবির সমাধিস্থলে সকাল ৯টায় জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত