নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ডাকা সংলাপে অংশ না নিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের প্রতি অনুরোধ জানিয়েছেন মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরীর নেতৃত্বাধীন দলের অন্য অংশ। গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান তারা।
নতুন ইসি গঠনে রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল তা বর্জন করছে। গণফোরামও সংলাপের আমন্ত্রণ পেয়েছে। আজ রবিবার বঙ্গভবনে যেতে চিঠি দেওয়া হয়েছে কামালকে। দলটিতে ভাঙনের ফলে মন্টুর নেতৃত্বাধীন অংশের নিবন্ধন নেই।
সংবাদ সম্মেলনে মন্টু বলেন, ‘ড. কামাল হোসেনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা তাকে এই সংলাপে না যেতে অনুরোধ করেছি। আমরা তার বরাবর একটি চিঠিও দিয়েছি। সেই চিঠিতে গণফোরামের ঐতিহ্য এবং সুনাম অক্ষুণœ রাখার স্বার্থে ড. কামাল হোসেনকে এবং গণফোরামের পক্ষে এই সংলাপে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার জন্য সবিনয়ে অনুরোধ জানিয়েছি।’
চিঠিতে কামাল হোসেনকে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা হিসেবে সম্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে চিঠিটি পড়ে শোনান গণফোরামের এই অংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। চিঠিতে বলা হয়, ‘এদেশের মানুষ বিশ্বাস করে, রাষ্ট্রপতির এই সংলাপ কার্যত একটি নাটকীয় আনুষ্ঠানিকতা মাত্র। চলমান সংলাপ দেশবাসীর কাছে পূর্বের মতোই চাতুর্যপূর্ণ সংলাপ হিসেবে বিবেচিত হয়েছে। কাজেই উক্ত সংলাপে গণফোরামের নামে অংশগ্রহণ করা অপ্রত্যাশিত এবং বর্তমান সরকারের অপশাসন ও জনগণের ভোটাধিকার হরণের রাজচালাকীর সহযোগী হিসেবে গণ্য করা হবে।’
গত ৩ ডিসেম্বর জাতীয় সম্মেলনের মাধ্যমে মন্টুকে সভাপতি ও সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গণফোরামের এই অংশ নতুন কমিটি গঠন করে। সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয় মূল দলের সভাপতি কামাল হোসেনকে। সংবাদ সম্মেলনে সুব্রত চৌধুরী বলেন, ‘২০১৪ ও ২০১৮ সংলাপে তিক্ত অভিজ্ঞতার আলোকে গণফোরাম দৃঢ়ভাবে বিশ্বাস করে, বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে চলমান সংলাপ একটি তামাশা মাত্র।’
